প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 31, 2025
ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, দুইজন এখনো নিখোঁজ
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানি এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিহতরা হলেন—সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (১২), মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি এলাকার আবু হোসেন (৭) এবং একই উপজেলার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার বিকেলে ছয়জন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে ইয়াসিন (৭) নামের এক শিশু নিরাপদে তীরে উঠলেও বাকি পাঁচজন ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও দুই শিশুর সন্ধান মিলেনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।